বিশ্বের ৩০টি দেশকে সাথে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’। গত ২২ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া ও প্রবাসী খাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের মেলবন্ধন তৈরি এবং স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই টুর্নামেন্ট ঐতিহাসিক ভূমিকা রাখবে। একই সাথে প্রবাসী ক্রীড়াবিদদের মধ্য থেকে ভবিষ্যৎ জাতীয় ক্রিকেটারদের উন্মেষ ঘটার আশাবাদও প্রকাশ করা হয়।
উদ্যোক্তারা জানান, প্রবাসীদের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়ে বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির সুযোগ রয়েছে। বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সমন্বয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাপী মোট ১০টি দেশে যৌথভাবে টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে। যার মধ্যে অন্যতম হলো— অস্ট্রেলিয়া, আমেরিকা, যুক্তরাজ্য, ইতালি, জাপান, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় এবং ফাইনাল ম্যাচের স্বাগতিক হবে সংযুক্ত আরব আমিরাত। সমাপনী পর্বে বৈশ্বিক সংস্কৃতির এক জমকালো পরিবেশনাও থাকছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, চীন, মালয়েশিয়া, ওমান, কানাডা, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, ইতালি, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, স্কটল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান ও বাংলাদেশসহ মোট ৩০টি দেশের ক্রিকেট ক্লাব এই ঐতিহাসিক আসরে অংশ নেবে।